logo

‘কে ভোট দিয়েছে কে দেয়নি এটা বিষয় নয়—সবাইকে নিয়ে কাজ করতে চাই’

‘কে ভোট দিয়েছে কে দেয়নি এটা বিষয় নয়—সবাইকে নিয়ে কাজ করতে চাই’

সিরাজগঞ্জ-৪ আসনের (উল্লাপাড়া) নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কে ভোট দিয়েছে, কে দেয়নি এটা  বিবেচ্য বিষয় নয়—সবাইকে সঙ্গে নিয়েই সুন্দর বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের হুইপের দায়িত্ব পাওয়া রফিকুল আরও বলেন, আমি উল্লাপাড়ার সব বাসিন্দার সংসদ সদস্য। আমার নির্বাচনি ইশতেহারে দেওয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা চাই। দ্রুতই আমি উল্লাপাড়ায় পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান শুরু করব। এতে আপনাদের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া পুরান বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। সংসদ সদস্য হিসেবে শপথ ও বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পাওয়ার পর নিজের নির্বাচনি এলাকায় এটিই তার প্রথম সফর। 

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, উল্লাপাড়া আসনের উন্নয়ন কর্মকাণ্ডসহ সরকারের কাছ থেকে যে সব বরাদ্দ পাবেন তার সুষ্ঠু হিসাব তিনি জনসমক্ষে প্রকাশ করবেন। এছাড়া উল্লাপাড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব ক্ষেত্রে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে চান বলেও জানান তিনি। 

এ সময় উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল হাসান। এ সময় স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে রফিকুল ইসলাম খানকে সংবর্ধনা দেওয়া হয়।