এক ফোনেই মিলল ৩৮ ক্যাসিনো অ্যাপ!

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে মোহাম্মদ খোরশেদ আলী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিতে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপস পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ আলী ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবির একটি চৌকস দল খোরশেদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে ও তার ব্যবহৃত মোবাইল পরীক্ষা করে ৩৮টি সক্রিয় অনলাইন ক্যাসিনো ও জুয়ার অ্যাপসের উপস্থিতি পাওয়া যায়। খোরশেদ ডিজিটালমাধ্যম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাসিনো পরিচালনা ও সাইবার প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, সাইবার অপরাধ ও অনলাইন জুয়া চক্র দমনে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার খোরশেদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।



