শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলে ৩২ ঘণ্টায় ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শনিবার (২ মে) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে; যা এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আগামী কয়েক দিন এ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন উপজেলায় টিলা ধ্বংসের আশংঙ্কা রয়েছে; যা আবহাওয়া অফিস থেকে সতর্ক বার্তায় জানানো হয়েছে।
ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান এই বৃষ্টি থেমে থেমে আরও কয়েক দিন থাকতে পারে। শনিবার সন্ধ্যার মধ্যে ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
শনিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। এ অবস্থায় শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।