logo

মৌলভীবাজারে বই পড়ে ৮ শিক্ষার্থী পেলেন ল্যাপটপ

মৌলভীবাজারে বই পড়ে ৮ শিক্ষার্থী পেলেন ল্যাপটপ
বই পড়ার মাধ্যমে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আট শিক্ষার্থী। ছবি: এশিয়া পোস্ট

বই পড়ার মাধ্যমে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আট শিক্ষার্থী। ‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) ‘শ্রীমঙ্গল বইপড়া উৎসব ২০২৬’-এর ফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ জন শিক্ষার্থীকে বই ও সনদ দেওয়া হয়েছে।

উৎসবের আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পেয়েছে ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। প্রতিটি ক্যাটাগরিতে আরও নয়জন করে শিক্ষার্থী সনদ, ক্রেস্ট ও বই পেয়েছে।

আয়োজকেরা জানান, শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এবং উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা এ উৎসবে অংশ নেন। তিনটি পর্বে প্রায় ৩৮টি বই পড়ানো হয়। শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তির বিকাশ এবং বিদ্যালয়ের গ্রন্থাগার চর্চা সচল করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। বই পড়ার অভ্যাস অজানাকে জানার আগ্রহ বাড়ায়, চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং দেশ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে শ্রীমঙ্গলে পাঠকসমৃদ্ধ পরিবেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।