logo

‘প্রাথমিকের কারিকুলাম ইংলিশ মিডিয়ামের মতো করার পরিকল্পনা’

‘প্রাথমিকের কারিকুলাম ইংলিশ মিডিয়ামের মতো করার পরিকল্পনা’

শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে দেশের সরকারি প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম সাজানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২৫ এপ্রিল) নরসিংদীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষা কারিকুলামে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদ্যালয়গুলোতে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কি না তাও যাচাই করা হচ্ছে। সঠিক পাঠদানের পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, পাশাপাশি শিশুদের আকৃষ্ট করতে মিড-ডে মিলের কার্যক্রম ও নজরদারি চলমান আছে। কোনো অবস্থাতেইে যেন মিড-ডে মিলের কারণে শিশুরা অসুস্থ না হয় সেজন্য সাপ্লায়ারদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।