বিএনপি নেতার বাড়িতে নির্বাচনি প্রচারে গেলে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি নেতার বাড়িতে নির্বাচনি প্রচারে গেলে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল থেকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের বিভিন্ন এলাকায় ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে যান জামায়াত নেতাকর্মীরা। পরে তারা টবগী ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির আব্দুল হালিমের নেতৃত্বে ওই ওয়ার্ডের চৌকিদার বাড়িতে প্রচারে যান। এ সময় ওই বাড়ির বাসিন্দা ও টবগী ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো. ইউসুফ ও তার ভাই আইয়ুবের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় জামায়াত নেতা আব্দুল হালিমের। একপর্যায়ে ইউসুফের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে জমায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। এতে উভয়পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন।
টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিম এশিয়া পোস্টকে বলেন, আজ সকাল থেকে তার নেতৃত্বে নেতাকর্মীরা টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার প্রচার করেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা চৌকিদার বাড়িতে গেলে শ্রমিক দল নেতা ইউসুফ ও বিএনপি নেতা আইয়ুব তাদের প্রচারে বাধা দেন। একপর্যায়ে ইউসুফের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তিনিসহ জামায়াতের ৬-৭ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
অপরদিকে টবগী ইউনিয়নের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ এশিয়া পোস্টকে জানান, জামায়াতের কোনো প্রচারে বাধা দেওয়া হয়নি। বরং টবগী জামায়াত নেতা আব্দুল হালিমের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে তাদের ৬ জন আহত হয়েছেন। তাদের ১ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।