চট্টগ্রামের বিজয় শিখা চত্বরে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের স্লোগান

চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের সামনের বিজয় শিখা এলাকায় মিছিল করেছে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ মার্চ) সকালে সকাল ৮টার দিকে আরিফ হোসাইন নামে এক ছাত্রলীগ কর্মীর ফেসবুক আইডি থেকে মিছিলের একটি লাইভ প্রকাশ করা হয়।
লাইভ ভিডিওতে দেখা গেছে, ১০-১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী একটি জাতীয় পতাকা ও একটি ব্যানার হাতে বিজয় শিখা চত্বরে দাঁড়িয়ে কিছুক্ষণ স্লোগান দেন। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, তুমি কে আমি কে বাঙালি, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’।
মিছিল শেষে যাওয়ার সময় একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘কেউ ভয় পাবেন না আমরা আছি। শেখ হাসিনার কর্মীরা আছি, কঠিন প্রতিরোধ হবে।’
মিছিলের ভিডিওটি ফেসবুকে পোস্ট করে সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি লিখেছেন, আগামীর চট্টগ্রামের নেতৃত্ব তোমরাই দেবে। কোনো পদ-পদবি তোমরা পাওনি। কোনো মন্ত্রী-এমপির ভালোবাসাও পাওনি। তবু যুদ্ধ চালিয়ে যাচ্ছো। আমি কৃতজ্ঞ তোমাদের প্রতি।
এই বিষয়ে জানতে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে কল দিলেও তিনি সাড়া দেননি।