তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে উঠল ৭ ফুটের অজগর

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের চায়না দুয়ারী জালে প্রায় ৭ ফুট দীর্ঘ একটি অজগর সাপ আটকা পড়েছে। এ খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে স্থানীয়দের ভিড় জমে। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে অজগরটি উদ্ধার করেন।
বুধবার (২২ জুলাই) উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বিজিবি ক্যাম্পসংলগ্ন তিস্তা নদী থেকে অজগরটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিজেদের হেফাজতে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দা মশিয়ার রহমান তিস্তা নদীতে মাছ ধরার জন্য একটি চায়না জাল পেতে রাখেন। বুধবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান জালে একটি বিশাল অজগর আটকা পড়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় জালসহ সাপটি তীরে তুলে নিজ বাড়িতে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে শত শত মানুষ মশিয়ারের বাড়িতে ভিড় করেন। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে তারা এসে অজগরটি উদ্ধার করে।
জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার জানান, সংবাদ পাওয়ার পরপরই বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় ৭ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং এটিকে নিরাপদ কোনো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
.png)






