Advertisement

যুবককে কোপানোর অভিযোগে ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
যুবককে কোপানোর অভিযোগে ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার
ওয়াসেল আহমেদ আজহার। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকসেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার জেরে এক যুবককে কুপিয়ে জখম করার মামলায় ওয়াসেল আহমেদ আজহার (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সরকারি গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে তাকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার রাতে হালুয়াঘাট উপজেলার ধুরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আজহার হালুয়াঘাট উপজেলার ধুরাইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি ‘হালুয়াঘাট হেল্পলাইন’ নামে একটি ফেসবুক পেজে ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের বাসিন্দা লিটন মিয়ার (৪৮) মাদক সেবনের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। এ ঘটনার পেছনে উত্তর ধুরাইল এলাকার এমদাদুল হক মুকুলের (৪০) হাত রয়েছে—এমন সন্দেহে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই মধ্যরাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ধুরাইল বাজারের একটি মুদিদোকানে মুকুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত মুকুলের ছোট ভাই রোকন মিয়া বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতে চারজনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন—কাওলারা গ্রামের রুবেল মিয়া (৩৫), লিটন মিয়া (৪৮) ও আবদুল মতিন (৫০)।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এজাহারনামীয় আসামি ওয়াসেল আহমেদ আজহারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :ময়মনসিংহ