‘ছেলে আমার সবকিছু সর্বনাশ করে দিয়েছে’

সন্তানের মঙ্গলের জন্য সব বাবা-মা যেখানে সবসময় দোয়া ও আশীর্বাদ করেন, সেখানে মাদকাসক্ত সন্তানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এক বাবা পরিবারকে বাঁচাতে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের। মাদকাসক্ত ছেলে কামরান মিয়ার নির্যাতন থেকে পরিবারকে রক্ষা ও নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
গত রোববার (৫ জুলাই) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ দাখিল করেন।
অসহায় ওই বাবার নাম বাবুল মিয়া। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামের বাসিন্দা।
হতাশাজড়িত কণ্ঠে বাবুল মিয়া বলেন, ‘আমার আর কিছু করার নেই, ছেলে আমার সবকিছু সর্বনাশ করে দিয়েছে। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত বাড়িতে ভাঙচুর করে, আমাদের মারধর করে। নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমাদের আর কোনো উপায় নেই।’ ছেলেকে দ্রুত আইনের আওতায় এনে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি সহযোগিতা চান তিনি।
লিখিত অভিযোগে বাবুল মিয়া উল্লেখ করেন, তার ছেলে কামরান মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িঘর ভাঙচুর করে এবং মা-বাবাসহ পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। টাকা না পেলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী ওই বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে। মাদকাসক্ত ছেলেকে চিকিৎসার জন্য একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং প্রতিনিয়ত জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।’





