logo
Advertisement

স্কুল কমিটি নিয়ে বিরোধ, বিএনপির দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

স্কুল কমিটি নিয়ে বিরোধ, বিএনপির দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

নেত্রকোনার খালিয়াজুরীতে রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শাহ আলমগীর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমগীরের মৃত্যু হয়।

নিহত শাহ আলমগীর উপজেলার রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বুধবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে থেমে থেমে দিনভর তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে শাহ আলমগীরসহ চারজনের অবস্থা গুরুতর ছিল। তাদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে শাহ আলমগীর মারা যান।

স্থানীয় সূত্রের ভাষ্য, সংঘর্ষে জড়ানো দুপক্ষের একটিতে চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন এবং অপর পক্ষের নেতৃত্বে ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা ছিলেন। তবে সংঘর্ষে কারা কীভাবে জড়িত ছিলেন, তা পুলিশ তদন্ত করে দেখছে।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, দুপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি মামলা হয়েছে। নিহতের ঘটনায়ও তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।