Advertisement

চাঁবিপ্রবির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. লোকমান হোসেন

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
চাঁবিপ্রবির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. লোকমান হোসেন
অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন।

বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১২(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তানুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) এ পদে দায়িত্ব পালন করবেন।

দায়িত্বপালনকালে তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও প্রবিধান অনুযায়ী তার ওপর অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহ আলম সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে।

বিষয় :চাঁদপুর