পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়, বিক্রি প্রায় ৮০ হাজার টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয় ৭২ হাজার ৬০০ টাকায়। এরপর ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ৭৯ হাজার ২০০ টাকায় বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা ও যমুনা নদীর মোহনা এলাকায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
জেলে সেকেন হালদারের বরাতে সম্রাট শাহজাহান শেখ জানান, শনিবার সকালে সেকেন হালদার তার দল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেও প্রথমে কাঙ্ক্ষিত মাছের দেখা পাননি তারা। পরে দুপুরের দিকে পদ্মা-যমুনার মোহনা এলাকায় জাল ফেললে জাল তুলতে গিয়ে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখতে পান জেলেরা। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হয়। ওজন হয় ৩৩ কেজি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৭২ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন তিনি। পরে মোবাইল ফোনে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৭৯ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে এ ধরনের বড় আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়লে স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ তৈরি হয়। মাছটির আকার ও ওজন দেখতে আড়তে উৎসুক মানুষের ভিড়ও জমে।

