ঝিনাইদহে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) উপজেলার ১নং এসবিকে ইউনিয়নের খালিশপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার (৮ মে) মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী।
সাজ্জাদ উপজেলার সুন্দরপুর গ্রামের সরদারপাড়ার বাসিন্দা এবং মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ১নং এসবিকে ইউনিয়নের খালিশপুর গ্রামের গোহাটার পাশে ভাড়া বাসায় থাকেন ভুক্তভোগী নারী (২৯)। গত ৫ মে বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ তার বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়।
এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
