logo

সিরাজগঞ্জে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কামারখন্দে বদিউজ্জামান হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ বলেন, রায় ঘোষণার সময় আদালতে ৬ আসামি উপস্থিত ছিলেন। বাকি ৪ আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মনির হোসেন। একই গ্রামের সাহেব উদ্দিন, সোহেল রানা, শাহজাহান মন্ডল, শফিকুল ইসলাম, এরশাদ শেখ, রমজান আলী ও আবুল কালাম আজাদ।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জমিসংক্রান্ত ও ইউপি নির্বাচন নিয়ে বদিউজ্জামান ও আসামিদের মধ্যে বিরোধ চলছিল। ২০১১ সালের ২৪ জুন বদিউজ্জামান জমির কাগজপত্র নিয়ে সকালে আইনজীবীর অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর বদিউজ্জামান আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন তার সন্ধান করে খোাঁজ পায়নি। পরের দিন ২৫ জুন সকালে ময়নাকান্দি সাইফুল ইসলামের ঘুমচি ক্ষেত থেকে বদিউজ্জামানের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে বদিউজ্জামানের লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রতনা বেগম ওরফে সুফিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১২ সালের ১৯ জানুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।