logo
Advertisement

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল আনসার সদস্যের প্রাণ

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল আনসার সদস্যের প্রাণ
উজ্জ্বল হোসেন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৭) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা-জগন্নাথপুর সড়কের ডাবর পয়েন্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে।

তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি নিজ এলাকায় গড়ে তুলেছিলেন একটি ব্লাড ডোনার ক্লাব, ছিলেন এর প্রতিষ্ঠাতা। দূর-দূরান্তের কারও রক্তের প্রয়োজন হলেও তিনি যেকোনো উপায়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে ছুটি নিয়ে বাড়িতে আসেন উজ্জ্বল। আজ সকালে নিজ বাড়ি জামালগঞ্জ থেকে মৌলভীবাজারে মামা ও খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। যাত্রাপথে মোটরসাইকেলে বসা নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘অন দ্য ওয়ে টু মৌলভীবাজার’। কিন্তু শেষ পর্যন্ত আর স্বজনদের বাড়িতে পৌঁছানো হয়নি তার।

নিহতের বন্ধু আরিফ বাদশা বলেন, উজ্জ্বল গাজীপুরে চাকরি করলেও মন পড়ে থাকত জামালগঞ্জে। কারও রক্তের প্রয়োজন হলে সে যেভাবেই হোক তা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করত। যে মানুষটি অন্যকে বাঁচাতে রক্তের জোগান দিত, আজ সড়কে নিজের রক্ত ঝরিয়েই তাকে অকালে প্রাণ দিতে হলো।

উজ্জ্বলের বড় বোন শামীমা আক্তার জানান, পুলিশের ফোন পেয়ে তারা শান্তিগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ৯ ভাই-বোনের (৫ ভাই ও ৪ বোন) মধ্যে উজ্জ্বল ছিলেন চতুর্থ।

শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, বিপরীত দিক থেকে আসা কোনো পিকআপ বা বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। স্বজনদের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।