স্বাগত জানাতে আসা সিলেটের এমপিদের সংসদে পাঠালেন প্রধানমন্ত্রী

সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশের পরই জাতীয় সংসদে ছুটে গেছেন কয়েকজন সংসদ সদস্য (এমপি)। বুধবার (১৭ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে আসা সংসদ সদস্যদের দেখে অবাক হন প্রধানমন্ত্রী। তিনি তখন তিনি তাদের প্রশ্ন করেন- সংসদ নাই আজকে?
এ সময় তিনি এমপিকে সংসদে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনারা সংসদে যান।
নির্দেশ পাওয়ার পরপরই ঢাকার উদ্দেশে রওনা দেন সিলেট অঞ্চলের কয়েকজন সংসদ সদস্য। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী বিষয়টি নিজেই ফেসবুকে তুলে ধরেন। তিনি লেখেন, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরপরই তার নির্দেশমতো সরাসরি জাতীয় সংসদে চলে আসলাম।
এমরান আহমেদ চৌধুরী তার পোস্টে আরও বলেন, তারেক রহমান সংসদকে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু করতে চান। সংসদকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের ঘটনা তারই জীবন্ত প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে যান এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
