logo
Advertisement

বাসায় ৭০ বোতল মদ পাওয়ায় সেই ছাত্রদল নেতা বহিষ্কার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চট্টগ্রাম, চট্টগ্রাম
বাসায় ৭০ বোতল মদ পাওয়ায় সেই ছাত্রদল নেতা বহিষ্কার
চট্টগ্রাম মহানগরের বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু শাকিল সাগর। ছবি: এশিয়া পোস্ট

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিলকে (আবু শাকিল সাগর) প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মহানগর ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আল মামুন সাদ্দাম। মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে, বন্দর থানা এলাকায় আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সাগর পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) আমিনুর রশীদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলাম। পালিয়ে যাওয়া আবু শাকিল সাগর বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা কে. বি. দোভাষ লেন এলাকার সিদ্দিক ড্রাইভারের বাড়ির স্থায়ী বাসিন্দা।

আমিনুর রশীদ আরও জানান, ডিবি সদস্যরা ক্রেতা সেজে বিদেশি মদ কিনতে চাইলে গ্রেপ্তার দুজন তাদেরকে সাগরের বাসায় নিয়ে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর পালিয়ে গেলেও তার ঘর তল্লাশি করে ৭০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আবু শাকিল সাগর নিজ এলাকায় মামলা-বাণিজ্য এবং নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি শুরু করেন। চাঁদা না পেলে মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখানোর পাশাপাশি তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার একাধিক অভিযোগ রয়েছে।