নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের মেয়ে ইসফা মুনি (১১)। তারা চকরিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মৌলভীরচর এলাকায় ৪-৫ জন বান্ধবী একসঙ্গে নদীর ঘাটে গোসল করতে নামে। হঠাৎ মাইমুনা আক্তার ও ইসফা মুনি গভীর পানিতে ডুবে যায়। বান্ধবীরা তাদের উদ্ধার করতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয়দের চেষ্টায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।