শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্মাননা পাওয়ার দিনই সাময়িক বরখাস্ত

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্মাননা পাওয়ার দিনই সাময়িক বরখাস্ত
মদন কুমার প্রামাণিক ও মেহেদী হাছিনা পারভীনক। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। তবে ওই দিনই তিনি অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। একই সঙ্গে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাছিনা পারভীনকেও সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রোববার (১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা, শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মদন কুমার প্রামাণিককে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা দেওয়া হয়।

তবে সম্মাননা পাওয়ার দিনেই ভিন্ন চিত্র সামনে আসে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে মদন কুমার প্রামাণিক ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাছিনা পারভীনকে সাময়িক বরখাস্ত করে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিষয়টি ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থি হিসেবে বিবেচিত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী এটি অপরাধ হিসেবে গণ্য হওয়ায় একই তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন বলেন, গত ১২ জুলাই বরখাস্তের প্রজ্ঞাপন উপজেলা প্রশাসনের হাতে পৌঁছেছে। বর্তমানে দুই ইউনিয়নেই চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :রাজবাড়ী