মাদারীপুরে মহাসড়ক অবরোধ, বরিশাল থেকে ঢাকাগামী বাস বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে অবরোধের কারণে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকালে কয়েকটি দূরপাল্লার বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে পথে বাধার মুখে পড়ে বাসগুলো আবার টার্মিনালে ফিরে আসে। এরপর থেকে বরিশাল থেকে আর কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীরা বিপাকে পড়েন।
বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা জানান, সকালে কয়েকটি দূরপাল্লার বাস ছেড়ে গেলেও মহাসড়কের মাদারীপুর অংশে বাধার সৃষ্টি হয়। যাত্রী ও পরিবহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসগুলো ফিরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।
স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দূরপাল্লার বাস চলাচল শুরু হবে।
