Advertisement

তিতাসের গ্যাস চুরি, চুনাপাথর কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
তিতাসের গ্যাস চুরি, চুনাপাথর কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
চুনাপাথর কারখানার তিনটি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইন ছিদ্র করে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে একটি নবনির্মিত চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানার তিনটি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে মজুত থাকা চুনাপাথর জব্দ করা হয়।

Advertisement

সোমবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের উচ্চচাপের প্রধান সঞ্চালন পাইপলাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার সময় পাইপলাইনে লিকেজ (ছিদ্র) সৃষ্টি হয়ে বিপুল পরিমাণ গ্যাস নির্গত হতে থাকে। নদী থেকে পানির বুদবুদ উঠতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলে বেআইনি এই সংযোগ ও অবৈধ কারখানার বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়াই কারখানাটি নির্মাণের চেষ্টা করা হয়েছিল। সংযোগ নিতে গিয়ে দুর্ঘটনাবশত পাইপলাইন ছিদ্র হয়ে যায়। কারখানাটি যেন ভবিষ্যতে আর চালানো না যায়, সে জন্য তিনটি চুল্লি পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং জব্দ চুনাপাথর স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাইপলাইনের লিকেজ বন্ধে কাজ করছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। জমির মালিক অবৈধভাবে কারখানা স্থাপনের জন্য জমি ব্যবহারের সুযোগ দিলেও এ কার্যক্রমের কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স ছিল না। জড়িতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।

মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ট্রেড লাইসেন্স বা কোনো ধরনের অনুমতি ছাড়াই গোপনে এ কারখানা গড়ে তোলা হয়েছিল। অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, উচ্চচাপের মূল পাইপলাইন থেকে চুরি করে গ্যাস নিতে গিয়েই এই লিকেজ তৈরি হয়েছে। দ্রুত লিকেজ মেরামতের কাজ চলছে।

উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাসের ময়মনসিংহ বিভাগের উপমহাব্যবস্থাপক (আঞ্চলিক অপারেশন) প্রকৌশলী সুমেধ মনি চাকমা, ব্যবস্থাপক (অপারেশন ও মেইনটেনেন্স) মো. শামীম হোসেন এবং কিশোরগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।