logo

আ.লীগের সঙ্গে আর সম্পর্ক রাখবেন না জানে আলম, পদত্যাগের ঘোষণা

আ.লীগের সঙ্গে আর সম্পর্ক রাখবেন না জানে আলম, পদত্যাগের ঘোষণা
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)। ছবি: এশিয়া পোস্ট

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)। ইতোমধ্যে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলটির সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিবৃতিতে জানে আলম মিয়া বলেন, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দেবেন না তিনি। জীবনের বাকি সময় ইবাদত ও পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে চান।

তিনি আরও জানান, নিজের জ্ঞান ও বিবেচনায়, স্বেচ্ছায় এবং কারও চাপ ছাড়াই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের সব পদ-পদবি থেকে স্থায়ীভাবে পদত্যাগ করেছেন।

বিবৃতিতে জানে আলম মিয়া পদত্যাগের কারণ হিসেবে বয়সজনিত শারীরিক জটিলতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন। তিনি জানান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁটুর ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এ অবস্থায় তার পক্ষে আর রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।