logo

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে জামায়াত নেতার তালা দেওয়ার অভিযোগ

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে জামায়াত নেতার তালা দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরের ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘর। ছবি : এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া টাকা চাওয়ায় এক রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে। টানা চার দিন ধরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় ভেতরের কাঁচামাল পচে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত হোসেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, এই ক্ষুদ্র ব্যবসায়ের মাধ্যমেই তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু রাজনৈতিক পরিচয়ের দাপটে গত চার দিন ধরে তার প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।

অভিযুক্ত সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।

ভুক্তভোগী শাহাদাত হোসেনের অভিযোগ, একই বাজারের বাসিন্দা জাহেদের কাছে গত পাঁচ মাসের খাবারের বিল বাবদ প্রায় ২০ হাজার টাকা পাওনা রয়েছে। বিভিন্ন সময়ে মেহমানদের নিয়ে তিনি রেস্টুরেন্টে খেতে আসতেন এবং অধিকাংশ সময়ই বিল বাকি রাখতেন। দীর্ঘদিনেও টাকা পরিশোধ না করায় গত ২৭ অক্টোবর সকালে তার কাছে বকেয়া টাকা চান শাহাদাত।

এতে ক্ষুব্ধ হয়ে ১২-১৩ জন সহযোগীকে নিয়ে রেস্টুরেন্টে আসেন জাহেদ। একপর্যায়ে রান্নাঘর ও মূল ফটকে তালা লাগিয়ে কর্মচারীদের বের করে দেওয়া হয়। ঘটনার কিছু অংশ সিসি ক্যামেরায় ধারণ হয়েছে বলে দাবি করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

শাহাদাত হোসেন বলেন, ধারদেনা করে রেস্টুরেন্টটি চালু রেখেছি। এই ব্যবসার আয় দিয়েই আমার সংসার চলে। পাওনা টাকা চাইতে গিয়ে আজ নিজের প্রতিষ্ঠানই খুলতে পারছি না। চার দিন ধরে রেস্টুরেন্ট বন্ধ থাকায় ভেতরে থাকা মাছ, মাংস ও সবজিসহ কাঁচামাল নষ্ট হচ্ছে। কর্মচারীদেরও কাজ দিতে পারছি না। আমি কোনো রাজনৈতিক বিরোধ চাই না, শুধু আমার পাওনা টাকা ও ব্যবসাপ্রতিষ্ঠানটি ফিরে পেতে চাই।

তবে রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জামায়াত নেতা জাহেদ। তার দাবি, রেস্টুরেন্টমালিক নিজেই তালা ঝুলিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

হায়দারগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষের মধ্যে অর্থ লেনদেন নিয়ে একটি জটিলতা রয়েছে।

এ ঘটনায় গত ২৮ অক্টোবর রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শাহাদাত। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিষ্পত্তির জন্য আগামী ৩১ অক্টোবর উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।