Advertisement

নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবাবি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবাবি গ্রেপ্তার
গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজারে ফেনী-চৌমুহনী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়। পরে একই চক্রের সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনবাগে যৌথ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয় :নোয়াখালী