নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সহসভাপতি গ্রেপ্তার

বরগুনার বামনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশ ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশ নামে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি বেড় করে।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মিছিলের ভিডিওতে দেখা গেছে, ২০-২৫ জনের একটি মিছিল ব্যানার সহকারে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঝটিকা মিছিলের খবর পেয়ে বামনা থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মিছিলের খবর শুনে পুলিশ তাৎক্ষণিক গিয়ে ধাওয়া করলে ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে। আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


