কুমিল্লায় বিপুল মাদকসহ ৩৪ জন গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৫৮টি ইয়াবা বড়ি, ৪২ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক অবক্ষয় রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন কুমিল্লার পুলিশ সুপার। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন থানায় নিয়মিত মাদকবিরোধী সমাবেশ ও র্যালির পাশাপাশি সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৫৮টি ইয়াবা বড়ি, ৪২ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মামলাগুলোতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে ছিনতাই প্রতিরোধে চলমান বিশেষ অভিযানে আরও তিনজন ছিনতাইকারী ও চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান এবং কঠোর আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।


