logo
Advertisement

মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের গলায় ফাঁস

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের গলায় ফাঁস
সুধারাম মেডেল থানা। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালী সদর উপজেলায় মোবাইল কেনার টাকা না পেয়ে আবদুল্লাহ আল সাইফ (১৩) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকার কাউসারের ফার্মেসি দোকানের পেছনের চেম্বারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত সাইফ উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকার মো. সোহাগের ছেলে। সে জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসি দোকানে সহকারী হিসেবে কর্মরত ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক কাউসার আহমেদ বাইরে থাকার সুযোগে দোকানের পেছনের চেম্বার রুমের ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেয় সাইফ। বিকেল ৫টার দিকে দোকানে ফিরে মালিক সাইফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চেম্বার রুমে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

জানা গেছে, সাইফ একটি মোবাইল ফোন কেনার জন্য দীর্ঘদিন ধরে দোকান মালিকের কাছে টাকা চেয়েছিল। তবে টাকা দেওয়া নিয়ে গড়িমসি হওয়ায় অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নেয়। খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বিষয় :