logo

হাসনাতকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

হাসনাতকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার উদ্দিন ফাহাদকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেন। 

শাহরিয়ার উদ্দিন ফাহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক। চাকসু নির্বাচনে ফাহাদ ছাত্রদল মনোনীত প্যানেলের সহদপ্তর সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

জানা গেছে, গত মাসের ১৩ ফেব্রুয়ারি ফাহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন, ‘দলমত যাই হোক, এটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হইতে চায়। গত ১৭ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ছোট আলমপুর চৌমুহনীতে কোনো অফিস করতে পারে নাই। কিন্তু গত ৭ তারিখ এলাকায় ঢুকে চৌমুহনীতে শাপলা কলির অফিস দেখেই নিশ্চিত হয়েছিলাম, দেবিদ্বারে Hasnat Era শুরু হয়েছে। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।’

এদিকে বহিষ্কার হওয়ার পর তাকে দেওয়া নোটিশ ও আগের পোস্টের স্ক্রিনশটসহ আরেকটি পোস্ট দেন। এতে তিনি লিখেছেন, ‘যদিও বুঝাতে চেয়েছিলাম ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে, ইনশাআল্লাহ। সেখানে কোনোরকম শোকজ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে হাসি পাচ্ছে লিটরেলি।’