logo

দুদকের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড
চট্টগ্রাম আদালত ভবন। ছবি: এশিয়া পোস্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে সাবেক পুলিশ সার্জেন্ট বেলায়েত হোসেনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮৯ লাখ ৭৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, চাকরির সুবাদে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেলায়েত হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তার নামে ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য মেলে। এর বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ছিল ১ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার ৮৪৭ টাকা।

তাছাড়া আয়কর নথি অনুযায়ী, তার পারিবারিক ও অন্যান্য খরচ পাওয়া যায় ৮৪ লাখ ৮ হাজার ৬৯১ টাকা। ফলে তার মোট সম্পদ ও খরচের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ১৫৪ টাকা। সব হিসাব মিলিয়ে বৈধ আয়ের অতিরিক্ত ৯৮ লাখ ১ হাজার ৩০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক।

অভিযোগে আরও বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে বেলায়েত হোসেন ৮৫ লাখ ৭৮ হাজার ২৮৪ টাকার সম্পদ ঘোষণা করেছিলেন। কিন্তু দুদকের যাচাই-বাছাইয়ে তার প্রকৃত সম্পদের মূল্য পাওয়া যায় ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪৬৩ টাকা। অর্থাৎ, তিনি ৬৫ লাখ ৮৩ হাজার ১৭৯ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

এ ঘটনায় ২০০৯ সালের ২০ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. মনজুর আলম বাদী হয়ে বেলায়েত হোসেনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রেজাউল করিম রনি জানান, মামলায় দুদকের পক্ষে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া একই আইনের ২৭(১) ধারায় তাকে তিন বছরের কারাদণ্ড ও ৮৯ লাখ ২৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়।