অপহৃত কিশোরীকে উদ্ধারে গিয়ে মারধর, এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক কিশোরীকে উদ্ধার অভিযানে গিয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) আরকানুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত শনিবার (৩০ মে) বিকেলে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী উত্তরপাড়া গ্রামে এই অভিযানকে কেন্দ্র করে জনরোষ সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঞ্চল্যকর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
থানা সূত্রে জানা গেছে, ঈদগাঁও উপজেলার এক কিশোরীর বাবা তার মেয়েকে অপহরণের অভিযোগে শনিবার চকরিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ফাঁসিয়াখালী এলাকার নুরুল আমিন নামের এক যুবককে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দিন থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল। ওই অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরকানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় এসআই আরকানুল বিরুদ্ধে নুরুল আমিন ও উদ্ধার হওয়া কিশোরীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে পুলিশ বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপভ্যানের কাচ ভাঙচুর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরে আহত নুরুল আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।
এ বিষয়ে থানার ওসি মনির হোসেন বলেন, একজন অপহৃত কিশোরীকে উদ্ধার করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অভিযানের সময় অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ ওঠায় এসআই আরকানুল ইসলামকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনার তদন্তে কোনো কমিটি এখনও গঠন করা হয়নি। তবে ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া কিশোরী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাকে অপহরণের অভিযোগে নুরুল আমিনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
