বাবার কবরের পাশে শায়িত সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) আসর নামাজের পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা হয়। জানাজা শেষে তাকে নিজ গ্রামের বাড়ি ডহুরী এলাকার সিনহা ভিলার পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।
এর আগে সোমবার দুপুরে তার মরদেহ ঢাকা থেকে লৌহজংয়ের কলমায় পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন। দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
জানাজায় অংশ নিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড ও ব্যক্তিগত গুণাবলীর কথা স্মরণ করেন সহকর্মীরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে বিদায় জানান তারা।
গত শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
