শিবচরে স্পেন ভক্তদের মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন!

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের ওঠার আনন্দে কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনেছেন ভক্তরা! লক্ষ্য—খেলা দেখার পাশাপাশি জমকালো ভূরিভোজ। স্পেন প্রবাসীদের অর্থায়নে এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের তত্ত্বাবধানে মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুরে ফুটবলপ্রেমী একঝাঁক স্পেন সমর্থক এই ব্যতিক্রমী আয়োজন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, টুর্নামেন্টের শুরু থেকেই কাদিরপুর এলাকার স্পেন সমর্থকেরা বিশাল আকৃতির পতাকা টানানোসহ বিভিন্ন উন্মাদনায় মেতে ওঠেন। দল ফাইনালে ওঠায় এবার আনন্দকে স্মরণীয় করে রাখতে এই ভূরিভোজের আয়োজন। এতে অর্থায়ন করেছেন ওই এলাকার স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সী। আয়োজকেরা জানান, ১ লাখ ৯০ হাজার টাকা দিয়ে কুষ্টিয়া থেকে মহিষটি কেনা হয়েছে, যা থেকে প্রায় ৬ মণ মাংস পাওয়া গেছে।
স্থানীয় স্পেন সমর্থকেরা বলেন, স্পেন ফাইনালে ওঠায় আমাদের এই আয়োজন। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা স্পেনকে সমর্থন দিয়ে আসছি। এলাকায় বিশাল পতাকাও টানানো হয়েছে। কাদিরপুর বাজারে মহিষের মাংস দিয়ে ভূরিভোজের পাশাপাশি বড় পর্দায় খেলা দেখার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মূল আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, স্পেন সমর্থক প্রবাসী এবং স্থানীয়দের যৌথ সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো, রাতের এই ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্য দলের সমর্থকদেরও আমন্ত্রণ জানিয়েছি। সবাই মিলে একসঙ্গে বড় পর্দায় ফাইনাল খেলা উপভোগ করব। আমাদের প্রত্যাশা—ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনই চ্যাম্পিয়ন হবে।
.png)






