logo
Advertisement

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত
ছবি : সংগৃহীত

নেত্রকোনার মদনে এক ছাত্রদল নেতার হামলায় মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান নামের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদল নেতা মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে এই ঘটনা ঘটে।

আহত ফরিদুল ইসলাম ও আতাউর রহমান মদন থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং মদন পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসের যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন। ওই সময় সেখানে আসেন ছাত্রদল নেতা মিঠু মিয়া। পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বললে তিনি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং মিঠুর হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল জানান, শুনেছি একটি ঝামেলার কারণে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিঠুকে আটক করেছে পুলিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক আঘাত করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে উপস্থিত থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করেন। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। সে বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।