Advertisement

মিরসরাইয়ে হোটেলে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
মিরসরাইয়ে হোটেলে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার
মরদেহ উদ্ধার করে হোটেলে পুলিশের প্রাথমিক তদন্ত। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের মিরসরাইয়ের একটি আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষের দরজার কাছ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তাদের ১০ মাস বয়সি কন্যাসন্তান ফাতিহা আক্তার অক্ষত ছিল।

Advertisement

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের ‘হোটেল রিলেক্স জোন’ আবাসিকের ১০৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আমিনুল ইসলাম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে।

হোটেল ব্যবস্থাপক মো. সোহান জানান, রোববার দুপুরে তারা কক্ষটি ভাড়া নেন। বিকেল ও রাতে দুবার তাদের বাইরে যেতে দেখা গেছে। সোমবার সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানান তিনি। দীর্ঘক্ষণ পর ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় স্ত্রী দরজা খুলে দেন। পরে ভেতরে গিয়ে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

জেলার সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। একই কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ১০ মাসের শিশুটিকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও জানান, আমিনুল ইসলামের মৃত্যুর কারণ এবং তার স্ত্রী কীভাবে আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা না কি অন্য কোনো ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ সদস্য কোথায় কর্মরত ছিলেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।