মোটরসাইকেল চুরি করতে এসে বাইসাইকেল ফেলে পালাল চোর

শরীয়তপুর পৌর এলাকায় গভীর রাতে মোটরসাইকেল চুরি করতে এসে ধাওয়া খেয়ে জুতা, ছাতা ও একটি বাইসাইকেল ফেলে পালিয়েছে এক চোর চক্র।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার শাহজাহান ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে থাকার সুযোগে মোটরসাইকেল চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা। তবে বাইকটিতে সিকিউরিটি লক লাগানো থাকায় সেটিতে হাত দেওয়া মাত্রই উচ্চশব্দে সাইরেন বেজে ওঠে। সাইরেনের শব্দ শুনে বাড়ির লোকজন দ্রুত জেগে বাইরে বেরিয়ে এলে চোরেরা দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় গৃহস্থ ও স্থানীয়রা চোরদের ধাওয়া দিলে পালানোর সময় চোর চক্রটি রাস্তায় তাদের ব্যবহৃত এক জোড়া জুতা ও একটি ছাতা ফেলে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পাশের একটি ঝোপ থেকে চোরদের সঙ্গে আনা একটি নতুন বাইসাইকেলও উদ্ধার করে স্বজনরা।
এদিকে মোটরসাইকেল চুরি করতে এসে উল্টো বাইসাইকেল ও মালামাল ফেলে যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষ ভিড় জমান। বিষয়টিকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। অনেকে রসিকতা করে বলছেন—চুরি করতে এসে চোরেরা উল্টো লোকসানের মুখে পড়েছে।
মোটরসাইকেলের মালিক শাওন ব্যাপারী বলেন, রাতে ঘুমানোর পর হঠাৎ সিকিউরিটি সাইরেনের শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখি চোর চক্রকে বাড়ির লোকজন ধাওয়া করছে। আমিও তাদের পেছনে ধাওয়া করি, কিন্তু অন্ধকার থাকায় চোরেরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় তারা আমাদের বাগানে নতুন একটি সাইকেল, রাস্তায় একজোড়া জুতা ও ছাতা ফেলে গেছে। ফেলে যাওয়া জুতা দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা করছি।
চোরের রেখে যাওয়া বাইসাইকেল দেখতে আসা স্থানীয় বাসিন্দা রনি ব্যাপারী হাসতে হাসতে বলেন, চোরদের লাভের লাভ কিছুই হলো না, উল্টো লোকসান! ধাওয়া খেয়ে তারা সঙ্গে থাকা নতুন একটা সাইকেল, জুতা আর ছাতা ফেলে দিয়ে জীবন বাঁচিয়ে পালাল।
.png)






