logo

গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন
নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি। ছবি : এশিয়া পোস্ট

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরসভার সামনে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক এবং গোপালগঞ্জ-পিরোজপুর ও গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছ ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গাছ ফেলে সড়ক অবরোধ করায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি : এশিয়া পোস্ট
গাছ ফেলে সড়ক অবরোধ করায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি : এশিয়া পোস্ট

এর আগে রোববার ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হন। ওই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ৩০টি মোটরসাইকেল। বিএনপির তিনটি ক্যাম্পসহ কয়েকটি রেস্টুরেন্টেও আগুন দেওয়া হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সরসন্দী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাদন মৃধার ছেলে নিজাম মৃধা। ইব্রাহিম জেলা যুবলীগের কর্মী এবং নিজাম শিবচর উপজেলা আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ ইব্রাহিম সিপাহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ নিজাম মৃধাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ যোগাযোগপথে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় চরম বিপাকে পড়েন যাত্রী ও চালকরা।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, দুজন মারা গেছেন বলে তারা শুনেছেন। তবে নিহত ব্যক্তিরা কোন দলের কর্মী, তা তারা জানেন না।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট