logo

বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ আটক ২

বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ আটক ২

সরকারিভাবে বরাদ্দ অষ্টম ও নবম শ্রেণির বিনামূল্যের বই লাইব্রেরিতে বসে বিক্রি করতে গিয়ে এক শিক্ষকসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। বরিশাল নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয়। 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন।

আটকরা হলেন—সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও ভ্যানচালক রুবেল খান।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, বইগুলো কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্রির জন্য আনা হয়েছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত দুজনকে আটক করা হয়। এ সময় সরকারি বরাদ্দের ৩২৯টি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।