বগুড়ায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় সাবেক সেনা সদস্য নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় শাহজাহান আলী নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার হাওয়াখানা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাইওয়ে পুলিশ জানায়, শাহজাহান আলী রাস্তা পার হচ্ছিলেন। ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত সেখান থেকে চলে যায়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
.png)






