নীলফামারীতে ৪ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ, চিলাহাটি থেকে ট্রেন চলাচল বন্ধ

নীলফামারীর ডোমারের মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামানোর দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। এতে চিলাহাটি রেলপথে প্রায় চার ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মিরজাগঞ্জ রেলস্টেশনে এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা এ আন্দোলন শুরু করেন। সকাল সাড়ে ১০টা পেরিয়ে গেলেও কোনো আশ্বাস মেলেনি।
আন্দোলনের কারণে চিলাহাটি রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে খুলনাগামী রকেট মেইল ট্রেন। অন্যদিকে, ডোমার রেলওয়ে স্টেশনে আটকা রয়েছে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আন্দোলনকারীদের দাবি, মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের উভয়মুখী যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এক নম্বর প্ল্যাটফর্ম চালু করে সেখানে ট্রেন থামানোর ব্যবস্থা করতে হবে।
তারা জানান, মিরজাগঞ্জ রেলস্টেশনটি জোড়াবাড়ী ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বর্তমানে যে ট্রেনটি স্টেশনে থামে, সেটিও ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। এতে নারী, বয়স্ক ও সাধারণ যাত্রীদের ট্রেনে ওঠানামায় চরম ভোগান্তি হয়।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে চার ঘণ্টা পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আশ্বাস না মেলায় রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীদের মধ্যে ভোগান্তি বাড়ছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ডোমার স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু বলেন, আমি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষে বিষয়টি অবগত করেছি উনারা বিষয়টি দেখছেন।