অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন

অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টার পর যশোর নীলগঞ্জ মহাশ্মশানে এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৈদ্যনাথ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
অভিনেতার শেষকৃত্যের আগে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
বৈদ্যনাথ সাহা নাট্যাঙ্গনের পরিচিত মুখ। তিনি অভিনয় শিল্পী সংঘের সদস্য ছিলেন। ১৯৬৯ সাল থেকে তিনি নাটকের সঙ্গে যুক্ত। স্বাধীনতার পর যশোরের প্রথম নাট্যদল তরঙ্গ নাট্যগোষ্ঠীর মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। নাটকের ওপর বিভিন্ন কর্মশালায় তিনি অংশগ্রহণ করেছেন। যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের আয়োজনে বিভিন্ন নাটকে তিনি কৃতিত্বের সঙ্গে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন।
বৈদ্যনাথ সাহা ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। টেলিভিশনে নাট্য নির্মাতা কচি খন্দকারের রচনা ও নির্দেশনায় ধারাবাহিক ‘তেলছাড়া পরোটা’ নাটকে অভিনয়শৈলী তাকে দেশজুড়ে বিশেষ পরিচিতি এনে দেয়।
এ ছাড়া দেশের বিভিন্ন কোম্পানির মডেল হয়ে তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। ব্যক্তিজীবনে তার স্ত্রী ও চার কন্যাসন্তান রয়েছেন।
বৈদ্যনাথ সাহার মৃত্যু সংবাদে যশোরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুসংবাদ শুনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহরের এইচ এম এম রোডে অবস্থিত তার বাসভবনে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপাঙ্কর দাস রতন বলেন, দীর্ঘদিন ধরেই নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে চলা বৈদ্যনাথ সাহা বহু প্রজন্মের দর্শক ও শিল্পীকে প্রেরণা দিয়েছেন। তার অসামান্য অভিনয়ের মুগ্ধতা যশোর ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছিল নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে। তার এই চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো।