নির্বাচনে হারলেই জামায়াত ‘পাগলামি’ শুরু করে: এমপি খোকন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে জামায়াতের সমালোচনা করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেছেন, নির্বাচনে হেরে গেলেই জামায়াত ‘পাগলামি’ শুরু করে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। অন্যথায় তারা দেশের জনগণের তোপের মুখে পড়বে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষার কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে ‘বটবাহিনী’র মাধ্যমে প্রোপাগান্ডা বা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তার দাবি, নির্বাচনে পরাজিত হলেই জামায়াত এ ধরনের আচরণ করে।
নদীভাঙন রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে—যেসব এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেসব এলাকায় দ্রুত তা ফেলে নদীভাঙন রোধে কাজ করতে হবে। এ বিষয়ে ডিও লেটারের মাধ্যমে সরকারকে অবহিত করা হচ্ছে। সরকারও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

