আশপাশে ছড়াচ্ছিল দুর্গন্ধ, পুলিশ গিয়ে বসতঘরে পেল ঝুলন্ত মরদেহ

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চাম্পা খাতুন নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়ানোয় রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেওয়ার পর মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে প্রতিবেশীরা ওই বাড়ির আশপাশে দুর্গন্ধ পান। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বসতঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চাম্পা খাতুনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চাম্পা খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন বলেন, সকালে পাশের বাড়ির লোকজন দুর্গন্ধ পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়রা সেখানে গিয়ে চাম্পা খাতুনের মরদেহ দেখতে পান। চাম্পা খাতুনের স্বামী আসলাম হোসেন মালয়েশিয়া প্রবাসী।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
