বিয়েতে বাধা, অভিমানে নিজেকে শেষ করলেন সিফাত

বিয়ে করতে না পারার ক্ষোভ ও অভিমান থেকে নওগাঁর বদলগাছীতে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বদলগাছী থানা পুলিশ।
সিফাত উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সিফাত তার মা-বাবার সঙ্গে ঢাকার একটি রেস্তোরাঁয় কাজ করত। সেখানে এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সিফাত ওই নারীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে পরিবার আপত্তি জানায়। সিফাতের বয়স কম হওয়ায় এবং ওই সম্পর্কের কারণে প্রায় এক সপ্তাহ আগে তাকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
গ্রামে ফিরে প্রথমে নানাবাড়িতে অবস্থান করছিল সিফাত। তিন দিন আগে সে নিজের বাড়িতে ফিরে আসে। রোববার রাতে চাচার বাড়িতে রাতের খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজের কক্ষে ঘুমাতে যায়। পরদিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিফাতের চাচি সুজি বেগম তাকে নাশতা খাওয়ার জন্য ডাকতে যান। কোনো সাড়াশব্দ না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে তিনি ঘরের ভেতরে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন। পরে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের অমতে বিয়ে করতে না পারার ক্ষোভ ও অভিমান থেকে কিশোরটি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
