logo

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চাঁদপুর। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরের হাজীগঞ্জে এক ক্ষুদ্র বই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলার আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে রেদওয়ানুল ইসলাম তানজিব ঢাকার বাংলাবাজার থেকে বই সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন লাইব্রেরিতে পাইকারি দরে বিক্রি করেন। পাশাপাশি তিনি বাকিলা বাজারের ‘ইনসাফ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমিতির ব্যাংক হিসাব রূপালী ব্যাংক লিমিটেডের হাজীগঞ্জ শাখায় পরিচালিত হয়।

Advertisement

এজাহারে বাদী অভিযোগ করেন, তার ব্যবসায়িক ও আর্থিক উন্নতি দেখে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত ১১ সেপ্টেম্বর হাজীগঞ্জের অলিপুরে আব্দুর রশিদ মুন্সীর বাড়ির সামনে রেদওয়ানুল ইসলামকে আসামিরা অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রাখেন। এ সময় তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেদওয়ানুল ইসলাম তানজিব (২৯) বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।