বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী
কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। ছবি: এশিয়া পোস্ট

বন্যায় দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রণয়ন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।

শনিবার (১১ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় ফসল, কৃষিজমি ও কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুতের কাজ চলছে। মাঠ প্রশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তালিকা সম্পন্ন হওয়ার পর সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার সবসময় আন্তরিক। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনও যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :কুমিল্লা