logo

গাড়িচালকের পথরোধ করে পুলিশ পরিচয়, পরে ফ্ল্যাটে নিয়ে মারধর-টাকা আদায়

গাড়িচালকের পথরোধ করে পুলিশ পরিচয়, পরে ফ্ল্যাটে নিয়ে মারধর-টাকা আদায়
চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণ। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুর শহরে এক গাড়িচালকের পথরোধ করে পুলিশ পরিচয় দেন দুই ব্যক্তি। পরে তাকে নিয়ে যাওয়া হয় একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে। সেখানে আটকে রেখে করা হয় মারধর। তার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয় এক নারীর। সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাড়িচালকের কাছ থেকে আদায় করা হয় টাকা।

চাঁদপুর সদর মডেল থানায় ভুক্তভোগী সাইফুল ইসলামের করা মামলার এজাহারে এসব উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মামলাটি হয়েছে। এর আগে ভুক্তভোগী উদ্ধার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এজাহার সূত্রে আরও জানা যায়, সোমবার বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে সাইফুল ইসলাম নামে ওই চালককে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।

সেখানে নিয়ে সাইফুলকে মারধর করা হয়। জোর করে এক নারীর সঙ্গে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়।

একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিকাশের মাধ্যমে আট হাজার টাকা এবং তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নেওয়া হয়।

আটক অবস্থায় কৌশলে এক স্বজনকে ফোন করে বিষয়টি জানান সাইফুল। পরে স্বজনের কাছ থেকে খবর পেয়ে ডিবি ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় চার নারীকে আটক করা হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।

তিনি আরও বলেন, আটক চার নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং এ ধরনের ঘটনা তারা আগে ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।