সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সীমান্তের এপারে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল ইসলাম দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।
আহত সাহাজুল বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি শঙ্কামুক্ত।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান সাহাজুল। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এর জেরে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন বলে স্থানীয় সূত্রের দাবি। এতে সাহাজুলের পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর সীমান্তবর্তী মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকেরা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেন। ওই ব্যক্তি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, নদীতে তুচ্ছ বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হন এবং সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ দূরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন।
বিজিবি জানায়, তাদের নিয়মিত টহলদল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করা হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আকুল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখতে তিনি সীমান্তবাসীকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
