logo

কয়রা-পাইকগাছা হবে আধুনিক ও নিরাপদ জনপদ: ফাহমিদা হক

কয়রা-পাইকগাছা হবে আধুনিক ও নিরাপদ জনপদ: ফাহমিদা হক
ছবি : এশিয়া পোস্ট

উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, নিরাপদ ও বাসযোগ্য অঞ্চলে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

তিনি বলেন, উপকূলের টেকসই উন্নয়নে বেড়িবাঁধ নির্মাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ইতিমধ্যে সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় পাইকগাছা উপজেলার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) অডিটরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

ফাহমিদা হক বলেন, বর্তমান সরকার জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ জনগণের কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, অতীতে দেশ কঠিন সময় পার করেছে। এখন মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের ঘোষিত অবস্থান বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে যারা অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার এবং মাদক ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান বক্তা খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, সরকারি খাল দখলমুক্ত করে পর্যায়ক্রমে সব খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ দখল ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, অপরাধী আমার দলের হলেও কোনো ছাড় পাবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ জেলা ও উপজেলার নেতারা।

সভা শেষে পাইকগাছা ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য ফাহমিদা হক। পরে উপজেলা মিলনায়তনে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।