শেবাচিমে হাম আক্রান্ত দুই শিশুর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগে আরও দুই রোগী এই হাসপাতালে মারা গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হাসপাতাল থেকে এ তথ্য জানা যায়।
মার যাওয়া শিশুর একজনের নাম ইমাম। বয়স পাঁচ বছর এবং বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে। অপর শিশুর নাম আবু সালেহ, তার বয়স ৯ বছর। বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলায়। এই নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। এই হাসপাতালে হাম আক্রান্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৯১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৮ জন।
চলতি বছর ৮ এপ্রিল পর্যন্ত বরিশাল বিভাগে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০ শিশু। বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৫১ রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৯ শিশু। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৭২ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, হাম সংক্রমণ প্রতিরোধে বিভাগজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের শরীরে হামের উপসর্গ দেখা যাবে, তাদের দ্রুত আইসোলেশনে রেখে চিকিৎসা নিশ্চিত করা হবে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছেন।
তিনি আরও বলেন, অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। শিশুর জ্বর, সর্দি-কাশি বা র্যাশ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করতে হবে।